ওমানে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:৫১

বিসিবি নির্বাচনের ডামাঢোলে ঢাকা পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। বিসিবির নির্বাচনের খবরই বেশি প্রাধান্য পেয়েছে গণমাধ্যমে। এর মাঝে ওমানের কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। গতকাল ওমান ক্রিকেট একাডেমিতে টানা তৃতীয় দিন অনুশীলন করেছে টাইগাররা।

অনুশীলন শেষে এবার প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করার সুযোগ মাহমুদউল্লাহ-মুশফিকদের সামনে। আজ প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের ভেন্যু আল-আমিরাত ক্রিকেট মাঠে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরদিনই বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ। সেখানে ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। আইপিএল ব্যস্ততা শেষে আবুধাবিতেই দলে যোগ দেবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।