ঢাবিতে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০০:১১

আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সশরীরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা প্রদান নিশ্চিত করে এ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ ক্লাস সশরীরে নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।