করোনা ভাইরাস

সাত মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০০:১২

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে  দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। করোনা ভাইরাসের ডেলটা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু ২০০-এর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যু সংখ্যাও কমছে।

দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করে দেশে ৬৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৮৮ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই ৩৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। আর যে ১২ জন গত এক দিনে মারা গেছেন তাদের পাঁচ জনই ছিলেন চট্টগ্রাম বিভাগের। এছাড়া চার জন ঢাকা বিভাগের, এক জন রাজশাহী বিভাগের, দুই জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

সরকারি হিসাবে গত এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠলেন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৮ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে মৃতদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। বাকিদের দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে এবং এক জন  বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান, ছয় জন করে।