করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় আবারও বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ভারত। আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশি পর্যটকরা ভারতে যেতে পারবেন। তবে যারা চার্টার্ড ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে চান আগামী ১৫ অক্টোবর থেকে তাদের ভিসা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেড় বছরেরও বেশি সময় পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের নির্দেশনা মেনেই প্রবেশ করতে পারবেন পর্যটকরা।
সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের ভিসা ফি দিতে হবে না। যদিও এ বিষয়ে বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
