বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দায়ের করা মাদক মামলার শুনানি শেষে এই আদেশ দেন আদালত। তবে আরিয়ানের আটক নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে বলিউড থেকে শুরু করে দেশটির রাজনৈতিক অঙ্গনে। আরিয়ানের আটক নিয়ে নানা মন্তব্য করছেন তারা। গুঞ্জন রয়েছে আটকের সময় আরিয়ানের কাছে কোনো মাদক পায়নি গোয়েন্দারা। অনেকেই বিষয়টি চক্রান্ত বলে দাবি করেছেন। তেমনই কিছু মন্তব্য তুলে ধরা হলো ইত্তেফাক পাঠকদের জন্য—
শাহরুখ খানের ছেলের কাছে আসলে কোনো মাদকই পাওয়া যায়নি। মহারাষ্ট্র ও বলিউড ইন্ডাস্ট্রির বদনাম করতেই এসব করছে এনসিবি। আরিয়ান খানকে গ্রেফতারের পুরোটাই বিজেপি ও এনসিবির ষড়যন্ত্র। —মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক
সেখানকার সিসিটিভি ফুটেজ দেখলে পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে কোনো ‘অবৈধ পণ্য’ ছিল না। আমাদের বিরুদ্ধে এটা এনসিবির সাজানো অভিযোগ।
—আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট
কলঙ্কিত রাজনৈতিক খেলা চলছে! এক তরুণের জীবন ও
ভবিষ্যত্ নিয়ে তারা খেলছে। হূদয় বিদারক!
—বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন
আমরা শাহরুখের বিরুদ্ধে নই। গত ১০ দিনে আমরা প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে বড় জোর ৪-৫ জন পরিচিত মুখ। এতে কী বলা যায় যে, আমরা টার্গেট করে কাউকে ধরেছি?—এনসিবির জোনাল পরিচালক সামির ওয়াংখেড়ে
প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ্য করো। অন্কারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালোবাসি আরিয়ান।
—বলিউড অভিনেতা ঋত্বিক রোশন
