শৈলকুপায় কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সহজ শর্তে ঋণ দানের কথা বলে এক কোটিরও বেশি টাকা হাতিয়ে লাপাত্তা ‘সিরাক বাংলাদেশ’ নামে এক ভুয়া এনজিও। ভুক্তভোগীরা জানায়, সেপ্টেম্বর মাসে শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে সিরাক বাংলাদেশ নামের এক এনজিওর আবির্ভাব ঘটে। তারা ভ্যানে করে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে সহজ শর্তে ঋণ দানের কথা বলে মানুষকে সমিতি খোলার কথা বলে। মহিলাদের সমিতির সদস্য হওয়ার জন্য ২৫০ টাকা করে নেয়। প্রত্যেককে একটি করে পাশ বই দেওয়া হয়। জানানো হয়, এনজিওর ফান্ডে জামানত হিসেবে ১ হাজার টাকা জমা রাখলে ১০ হাজার টাকা, ৫ হাজার টাকা জমা রাখলে ৫০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

সিদ্ধী গ্রামের তাছলিমা বেগম ও কৃষ্ণা রাণী বলেন, ৩০ হাজার টাকা ঋণ দেওয়ার জন্য তার কাছ থেকে ৩ হাজার ২৫০ টাকা নেওয়া হয়। গোপালপুর গ্রামের শিপ্রা কর্মকার ও পাপিয়া কর্মকার বলেন, তাদের পাড়া থেকে ১০-১২ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে এনজিওটি।

স্থানীয়রা জানায়, গত ২৩ সেপ্টেম্বর এনজিওটি কবিরপুর সিটি কলেজের পাশে প্রবাসী আকবর অলির বাড়িতে অফিস খুলে। ঐ প্রবাসী প্রতিবেশী মহিউদ্দিন জানান, এনজিওর এক কর্মকর্তা বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে যায়। এ সময় তারা চার-পাঁচ দিনের মধ্যে ভাড়া নামার চুক্তিপত্র তৈরি করবে বলে জানিয়েছিল। কিন্তু ২৯ সেপ্টেম্বর রাত থেকে তাদের আর খবর নেই। অনেকে বাড়ির সামনে এসে কান্নাকাটি করছে।

ঝিনাইদহ জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, সিরাক বাংলাদেশ নামে কোনো এনজিওর অনুমোদন নেই। এটি ভুয়া এনজিও। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।