ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির জাজিয়ারা গ্রামে চাষ হচ্ছে বারোমাসী তরমুজ। ঐ গ্রামের প্যারা মেডিক্যালের ছাত্র ছামিউল্লাহ ২৫ শতক জমিতে এ জাতের তরমুজ চাষ করছেন। তরমুজের মধ্যে রয়েছে ব্ল্যাক বেবি, গোল্ডেন ক্রাউন, সুগার কিং ও মধুমালা। তার চাষ দেখে এলাকার যুবক ও চাষিরা এই তরমুজ চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। ছামিউল্লাহ জানান, সব মিলিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। আশা করি, লক্ষাধিক টাকার তরমুজ বিক্রি করতে পারব। এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কৃষি বিভাগ থেকে ছামিউল্লাহকে তরমুজ চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
