গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
মাদক সেবন ও সংরক্ষণের দায়ে গৌরীপুরে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। পৌর শহরের চকপাড়া এলাকায় কয়েক জন যুবক মাদক সেবন করছিল। খবর পেয়ে রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরীপুর থানার পুলিশের টিম ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও দুই যুবক হেরোইন সেবনের আলামতসহ আটক হয়। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। পৌর শহরের নতুন বাজার এলাকার রুবেল মিয়াকে (২৫) আট মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং চকপাড়া এলাকার রজব আলীকে (৩০) ১২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
