ফরিদগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে জনবলসংকট

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৪

দুর্ভোগে সেবাগ্রহীতারা

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি পৌর ভূমি অফিসসহ ১২টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। দীর্ঘদিন যাবত্ ১০টি ভূমি সহকারীর পদ শূন্য রয়েছে। উপসহকারী ভূমি কর্মকর্তা দিয়েই অফিস কার্যক্রম চলছে। জনবলসংকটে দুই অফিসে একজন উপসহকারী ভূমি কর্মকর্তা দায়িত্ব পালন করছে। বর্তমানে ১৫ নম্বর রুপসা ও ১৬ নম্বর রুপসা ইউনিয়ন এবং ৭ নম্বর পাইকপাড়া ও ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব ভাগাভাগি করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি রাজস্ব আদায়েও বিঘ্ন হচ্ছে। এছাড়াও ভূমি আধুনিকায়নে ভূমি অনলাইন কার্যক্রম চলমান রয়েছে। জনবলসংকটে অনলাইন কার্যক্রমের গতি ও মান ঠিক রাখা সম্ভব হচ্ছে না বলে জানান কয়েক জন উপ-সহকারী ভূমি কর্মকর্তা। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ইত্তেফাককে  জানান, জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। অচিরেই হয়তো ব্যবস্থা নেবেন।