কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে রেল কর্মচারী গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ রেল স্টেশনের ভিআইপি রেস্ট হাউজের টয়লেটে হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় রেল কর্মচারী মাহমুদুল ইসলাম সাগরকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার ভোরে তাকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে তার দূরসম্পর্কের এক চাচার বাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। অভিযুক্ত মাহমুদুল ইসলাম সাগর কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী ছিলেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাগর তার বন্ধুর জন্মদিনে যাওয়ার কথা বলে ঐ স্কুলছাত্রীকে নিয়ে রেস্ট হাউজে ঢুকে এবং তার হাত-পা বেঁধে ধর্ষণ করে। ডাক-চিত্কার শুনে লোকজন এগিয়ে এলে সাগর পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের কথা স্বীকার করেছে বলে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান। পরে তাকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।