রাজারহাটে সর্দি জ্বরের প্রকোপ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৫

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে হঠাত্ করেই স্বর্দি, জ্বর ব্যাপক হারে দেখা দিয়েছে। আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করাই বেশি। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের জ্বরে আক্রান্ত হানিফ আলী (৫০) বলেন, গত ১০ দিন থেকে জ্বরে ভুগছি। পল্লি চিকিত্সকের পরামর্শে ওষুধ খেয়েও জ্বর নিয়ন্ত্রণে না আসায় চিন্তায় আছি। রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় গ্রামের আমিনুল হক মণ্ডল (৫৫) বলেন, তিন দিন ধরে প্রচণ্ড জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত, ওষুধ খেয়েও আরাম নাই।

উপজেলার প্রধান প্রধান বাজার ঘুরে পল্লি চিকিত্সকদের ওষুধের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। ডাংরার হাটের পল্লি চিকিত্সক নুরল আমিন জানান, এলাকার অধিকাংশ লোক জ্বর ও সর্দিতে আক্রান্ত হচ্ছে। গত দুই সপ্তাহে প্রায় বিভিন্ন বয়সের অর্ধশত রোগীর চিকিত্সা দিয়েছেন। রাজারহাট বাজারের পল্লি চিকিত্সক সাজেদুল ইসলাম জানান, প্রতিদিন আনেক রোগী জ্বর নিয়ে আসছেন তাদেরকে প্রাথমিকভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই জ্বর, সর্দিতে আক্রান্ত হতে পারেন, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে যে সমস্ত রোগী হাসপাতালে এসেছেন তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে।