পাকুন্দিয়া ও কসবা পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৫

ইত্তেফাক ডেস্ক

৭ম ধাপে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচন। তপশিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের জনসংযোগ শুরু হয়ে যায়। নির্বাচনি মাঠে নেমে পড়েছেন তারা। প্রার্থী বিবেচনায় চলছে ভোটের হিসাব-নিকাশ। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) :পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন হবে দলীয় প্রতীকে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন নবগঠিত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ। অন্যদিকে স্বতন্ত্র নির্বাচন করবেন পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং পাকুন্দিয়া পৌরসভার বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন। এদিকে পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় চালানো হচ্ছে। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে পোস্টার, ব্যানার টানানো হয়েছে। চলছে মোটরসাইকেল শোডাউন।  শুক্রবার বাদ জুম্মা মসজিদে মতবিনিময় করতে দেখা গেছে। কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আশ্রাফুল আলম বলেন, ৭ম ধাপে আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথম বারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :গত ২৯ সেপ্টেম্বর কসবা পৌরসভার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে জনসংযোগ শুরু হয়। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী। প্রার্থীর সমর্থকরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ভোটারদের বাড়ি বাড়ি। এছাড়াও রাস্তার মোড়ে ব্যানার ও গাছে গাছে ফেস্টুন লাগানো হয়েছে।