মা-ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে জরিমানা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৫

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে শুক্রবার সকালে ভেদরগঞ্জে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ ঐ জরিমানা করেন। ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত শরীয়তপুরসহ দেশের ২৭ জেলায় ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলা মত্স্য অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে সখিপুর থানাপুলিশের একটি টহল দল উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ ও ৭৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, মা-ইলিশ রক্ষায় আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।