তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে যুবক আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার পল্লিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরহাদ সরদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মুড়াগাছা গ্রামের আলী সরদারের ছেলে।

জানা যায়, ফরহাদ সরদার ঐ স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখায়। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঐ ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ফরহাদ সরদার ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ফরহাদ।  তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।