অক্টোবরে খুলতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

অক্টোবরের শেষ নাগাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল শেষে বিষয়টি নিশ্চিত করেন কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, একাডেমিক কাউন্সিল আগামী ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর ক্লাস শুরু করার সুপারিশ করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়।

এদিকে আগামী ১ নভেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২৮ অক্টোবর ক্লাস শুরু করা না গেলে ২ নভেম্বর থেকে শুরু করার প্রস্তাব করা হয়েছে।

হল খোলার ব্যাপারে রেজিস্ট্রার বলেন, আগামী ২৭ তারিখ হলগুলো খুলে দেওয়ার উপযুক্ততা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।