চিতলমারীতে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিয়ে

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে করোনা মহামারির কালে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ। ১৮ মাস ধরে স্কুল বন্ধ থাকায় এ উপজেলায় ৪০৭ শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে। এ উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ছাত্রী ৫ হাজার ৭৬৮ জন। এর মধ্যে ৪০৭ জন ছাত্রীর করোনা মহামারির মধ্যে বাল্যবিবাহ হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান জানান, সামাজিক নিরাপত্তা, করোনাকালীন স্কুল বন্ধের কারণে যোগাযোগ বিচ্ছিন্নতাসহ নানা প্রতিবন্ধকতার জন্য বাল্যবিবাহের হার বাড়ছে। তবে বাল্যবিবাহের শিকার ছাত্রীরা কম-বেশি বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। সবাই যাতে বিদ্যালয়সম্পৃক্ত থাকে বা আসতে পারে সে বিষয়ে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কাজ চলছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময়ই কঠোর। করোনার দেড় বছরে ২৪টি বাল্যবিবাহ উপজেলা প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি মুচলেকা নিয়েছি। বাল্যবিবাহ ঠেকাতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।