পাবনায় ৩৪৬ মণ্ডপে দুর্গাপূজার আমেজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

পাবনা প্রতিনিধি

এবার পাবনা জেলার ৯ উপজেলায় ৩৪৬টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা উদ্যাপন হবে। মণ্ডপে প্রতিমাগুলো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  সদর উপজেলায় ৫৩টি, আটঘরিয়ায় ১৫টি, ঈশ্বরদী ৩০টি, চাটমোহরে ৫৫টি, ভাংগুড়ায় ১৯টি, ফরিদপুরে ১৮টি, সাঁথিয়ায় ৪৪টি, বেড়ায় ৫৬টি ও সুজানগর উপজেলার ৫৬টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। 

পাবনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষ জানিয়েছেন, ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সে ব্যাপারে মন্দির কমিটি এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। মণ্ডপে মণ্ডপে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রতিমা রঙের কাজ।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান, নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে পূজা উদ্যাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে স্বাস্থ্যবিধি মেনে। অপ্রীতিকর পরিস্থিতি পুলিশ কন্ট্রোল রুম, পুলিশ হেল্প লাইন বা ৯৯৯ এ ফোন করার আহ্বান জানান পুলিশ সুপার।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, এবার জেলায় ৩৪৬টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনের জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।