৩০০ ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় ২২ হাজার রুপির কিছু বেশি দামে একটি এটিএম মেশিন কিনেছিলেন তিন বন্ধু। ভেতরে রুপি থেকে গিয়েছে কি না তা দেখতে তারা মেশিনটি খুলে ফেলেন। কিন্তু তাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন। এটিএম মেশিনটি খুলতেই তার ধাতব বাক্সের ভেতরে পাওয়া যায় ২ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দেড় লাখ রুপিরও বেশি।
পুরো ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে হাতুড়ি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন। ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন।
তিনি জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ঐ মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন। যেমন কথা তেমন কাজ। মেশিনটি খুলতেই তাদের চক্ষু ছানাবড়া হওয়ার উপক্রম। দেখেন ভেতরে রয়েছে ২ হাজার ডলার। ঘটনাটি বিদেশের। তবে কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ঐ তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু রুপি থাকতে পারে। কিন্তু তার পরিমাণ যে দেড় লাখ ছাড়িয়ে যাবে তা তারা কল্পনাও করতে পারেননি। আনন্দবাজার পত্রিকা
