টঙ্গীতে আওয়ামী লীগ কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন ও ত্যাগী নেতাকর্মীদের বর্তমান কমিটিতে মূল্যায়ন না করার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে দলের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে নগরীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ঝাড়ু হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল খলিফা, শাহীন আহমেদ ও আবুল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা অংশ নেয় । মিছিল শেষে রাশেদুল ইসলাম বাবু বলেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে দলের জন্য নিরলসভাবে কাজ করা, মামলায় জর্জরিত কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করায় তৃণমূলের কর্মীরা বিক্ষুব্ধ। তারা আন্দোলন চলমান রাখার ঘোষণা দেয়। উল্লেখ্য, গত ৩ অক্টোবর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গঠনের পর থেকে ইতিমধ্যে বাসন, গাজীপুর মেট্রো, কোনাবাড়ী থানা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।
