জামালদের হারে সুনীলদের ঘরে স্বস্তি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:১৬

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ জমে উঠেছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ (০-২) মালদ্বীপের কাছে হেরে যাওয়ায় ক্ষতি হয়েছে।  ফাইনালে উঠার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে স্বাগতিক মালদ্বীপ।  মালদ্বীপ প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেমেছিল। এক ম্যাচ জিতেই মালদ্বীপ লড়াইয়ে ফিরে এলো এবং ভারতকেও লড়াইয়ে টিকে থাকার পথ দেখাল। ক্ষতি হলো বাংলাদেশের। জামালদের হারে স্বস্তি সুনীলদের ঘরে।

সাফ খেলতে মালদ্বীপে গিয়ে ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ প্রতিপক্ষ নিয়ে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না। কটাক্ষ করতেও ছাড় দিচ্ছিলেন না। অন্যদের পারফরম্যান্স নিয়ে তিনি সমালোচনা করেছেন। তার ছেলেরা মাঠে প্রমাণ করবে তারা সেরা দল। কিন্তু মাঠে নেমে দুই বারই হোঁচট খেয়েছে সাত বারের সাফ চ্যাম্পিয়ন ভারত। প্রথম ধাক্কায় বাংলাদেশকে হারাতে পারেনি। গোল করে এগিয়েও থেকেও গোল হজম করে ম্যাচটা ড্র করে ভারত। দুই ম্যাচ ড্র হওয়ায় ভারতে তুমুল সমালোচনার মুখোমুখি কোচ ইগর স্টিমাচ। ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য এই ড্র ছিল জয়ের বেশি কিছু। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে গোল শূন্য ড্র করল তখন ভারতের সর্বনাশ। মালদ্বীপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। এই সুনীলরা তাকিয়ে ছিল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। বাংলাদেশ ম্যাচ হারলে সুনীলদের সুবিধা। মালদ্বীপ ম্যাচ জিতলে তিন পয়েন্ট পাবে তবে অন্যান্য দলের জন্য ভালো হবে। ভারত যেমন এখন স্বস্তি পাচ্ছে।

আগামীকাল মালদ্বীপ-শ্রীলঙ্কা এবং ভারত-নেপাল ম্যাচ। এই দুই ম্যাচের মালদ্বীপ, ভারত এবং নেপালের ভাগ্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এই দুই ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। সাফের গতিপথ বলে দেবে কোন দলের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে। এদের মধ্যে একমাত্র নেপাল সুবিধাজনক স্থানে রয়েছে। আগামীকালের ম্যাচ দুটির দিকে বাংলাদেশও তাকিয়ে থাকবে। ফলাফল যাই হোক। ১৩ অক্টোবর বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ফাইনালে উঠতে হলে নেপালকে হারাতেই হবে, সেই সঙ্গে অন্যান্য ম্যাচের রেজাল্ট কী হয় সেটাও দেখতে হবে।