বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ বারের দেখায় ব্রাজিলের কাছে প্রতিবারই হেরেছে ভেনেজুয়েলা। গতকাল নিজেদের মাঠে শুরুতেই এক গোল করে প্রথম জয়ের স্বপ্ন দেখতে থাকে স্বাগতিকরা। সেই গোল শোধ ৭১ মিনিট পর্যন্ত সময় নেয় ব্রাজিল। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে জয়রথ অব্যাহত রাখে সেলেসাওরা। তবে একই দিনে পয়েন্ট হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেন লিওনেল মেসিরা।
নিষেধাজ্ঞার কারণে নেইমার না খেললেও ব্রাজিলের জয় ছিল প্রত্যাশিত। কিন্তু খেলায় ছন্দ দেখাতে পারেনি তারা। ১১ মিনিটে এরিক রামিরেজের গোলে এগিয়ে যাওয়া ভেনেজুয়েলা গোলমুখে শট নেয় আরো তিনটি। যদিও শেষ মুহূর্তে জেগে উঠে ব্রাজিলের আক্রমণ ভাগ। ৭১ মিনিটে মার্কিনিওসের পর বাকি দুটি গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা ও অ্যান্থনি।
অন্যদিকে প্যারাগুয়ে কোচ আগেই বলে রেখেছিলেন মেসিদের ঠেকাতে রক্ষণে প্রাচীর গড়ে তুলবেন তিনি। সেই প্রাচীর ভাঙতেই পারল না লিওনেল স্কালোনির শিষ্যরা। গোলমুখে আটটি শট নিয়েও হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের। তবে এই ম্যাচে এক পয়েন্ট পেয়েও খুশি কোচ লিওনেল স্কালোনি, ‘প্রথমার্ধের প্রায় পুরোটাই আমাদের ছিল, দ্বিতীয়ার্ধ সমানে সমান। তবে ম্যাচে আমরা দুর্দান্ত ছিলাম এবং দাপট দেখিয়েছি। বাছাইপর্বের খেলাগুলো কঠিন এবং ফুটবলাররা বুঝতে পেরেছে প্যারাগুয়ে ও বিভিন্ন জায়গায় খেলা কতটা কষ্টসাধ্য। পয়েন্ট পাওয়ার অনুভূতি ভালো এবং তা আমাদের শান্ত রাখছে।’
৯ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে শীর্ষে ব্রাজিল। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে ড্র বা জিতলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তিতের দল।
