বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার এখনো বন্ধ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৫

বন্ধ করে দেওয়া বিদেশি স্যাটেলাইট টিভি চ্যানেলের বেশ কয়েকটির সম্প্রচার ফের চালু হলেও এখনো বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১ অক্টোবর থেকে ৬০টির মতো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় পরিবেশক ও ক্যাবল অপারেটররা। এর অধিকাংশই ভারতীয় চ্যানেল। অপারেটররা জানান, ‘বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সঙ্গে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না’—সরকারের এমন সিদ্ধান্তের কারণেই বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় যেখানে অধিকাংশই ভারতীয় চ্যানেল।  গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে আকাশ ডিটিএইচ, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয় সরকারের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছিল।

গত ৪ অক্টোবর থেকে বিজ্ঞাপনবিহীন কনটেন্ট বা ক্লিন ফিড সরবরাহ করে এমন ২৪টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করতে নির্দেশনা দেয় সরকার। ফলে বিবিসি, সিএনএন, আলজাজিরা, ডয়চেভেলের মতো চ্যানেলগুলো আবার দেখতে পারছেন দর্শকরা। তবে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে এখনো বন্ধ। কবে নাগাদ এসব চ্যানেলের আবারও সম্প্রচার হবে তা বলতে পারছেন না ক্যাবল অপারেটররা।