মোংলা বন্দরের পশুর নদীতে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্গো জাহাজের ১০ নাবিক সাঁতরিয়ে কুলে উঠে যান। দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহসাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল জানান, বৃহস্পতিবার রাতে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার বোঝাইয়ের পর কার্গো জাহাজ এম ভি দেশবন্ধু যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবোচরে কার্গোটি আটকে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জাহাজটির ব্রিজের কিছু অংশ দেখা গেলেও পুরো অংশই নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়ারি করার প্রস্তুতি চলছে বলে জানান কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হয়েছে। তাদের ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
