তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক বছর ধরে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এমন সময় এই তথ্য পাওয়া গেল যখন চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুতে বিরোধ চরমে এবং তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের বারবার অনুপ্রবেশ ঘটছে বলে তাইওয়ান অভিযোগ করছে। খবর সিএনএন ও রয়টার্সের
তাইওয়ানের স্থল ও নৌসেনাদের অন্তত এক বছর ধরে গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন সেনারা। প্রশিক্ষণের এই কাজে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ও মেরিন সেনারা জড়িত। তবে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত বা নাকচ করেনি যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করবে আমেরিকা। প্রাইস বলেন, তাইওয়ানের প্রতি আমাদের দায়বদ্ধতা পাথরের মতো কঠিন। ঐ অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এটা খুবই জরুরি।
