ফুলবাড়ীতে বাংলাদেশির বাড়িতে বিএসএফ সদস্যদের হামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৪৫

ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ সদস্যরা এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের সীমান্তঘেঁষা উত্তর কুটিচন্দ্রখানা নকরজান গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিকসহ আরো তিন বাংলাদেশিকে লাঞ্ছিত করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে রাতেই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ নকরজান গ্রামের মতিয়ার রহমান রবিউল, একই গ্রামের গোরেরপাড় এলাকার আতাউর রহমান ও মিলন মিয়া এবং বাংলাদেশের উত্তর কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার আফান আলীর ছেলের নেতৃত্বে দুই দেশের চিহ্নিত এক দল মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য বিএসএফ সেউটি-২ ছাবরী বিওপির টহলরত ২১ নম্বর কাঁটাতারের গেটে দায়িত্বরত বিএসএফ সদস্যদের ধাওয়া দেয়। পরবর্তী সময়ে প্রায় ১০/১৫ জনের বিএসএফের একটি সশস্ত্র দল কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে রফিকুল ইসলাম রফিকের টিনের বেড়া ও গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের দরজাসহ টিনের ঘর ভাঙচুর ও অশালীন ভাষায় গালিগালাজ এবং রফিকুল ইসলাম ও তার স্ত্রী মজিরন, ছেলে জিয়াউর রহমান জিয়া ও ছেলের স্ত্রী ইতিকে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতে চলে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে এসে বিএসএফকে কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন জানান, বিএসএফ সদস্যরা দুই দেশের মাদক চোরাকারবারিদের ধাওয়া করার সময় ভুলবশত বাংলাদেশের ১৫ গজ অভ্যন্তরে ভারতীয় বাড়ির সঙ্গে লাগা এক বাংলাদেশির বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় শুক্রবার বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তারা ভুল স্বীকার করে এবং এ ধরনের ঘটনা ঘটবে না বলে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের ছাবরী কোম্পানি কমান্ডার এসি সৌরভ সিনহা নিশ্চিত করেছেন।