বরিশালে সিএনজি চাপায় পথচারীর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৪৬

বরিশাল নগরীতে সিএনজির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগম (৪০) নগরীর লুত্ফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি সিএনজি যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে যাওয়া এক পথচারী সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সিএনজির চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, গত রাতে সিএনজির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এবং সিএনজির চালক আটক আছেন। নিহতের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।