বেঙ্গল শিল্পালয়ে ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:১৫

ইতিহাসের পথপরিক্রমায় বাংলাদেশ পদার্পণ করেছে স্বাধীনতার ৫০ বছরে। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে চলছে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুক্রবার সন্ধ্যায় প্রদর্শিত হয় কাওসার চৌধুরী নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর-আলশামসদের হাতে সংঘটিত গণহত্যা, লুণ্ঠন, নির্যাতন-নিপীড়ন, যুদ্ধাপরাধ এবং তাদের মানবতাবিরোধী অপরাধ এই প্রামাণ্যচিত্রের মূল উপজীব্য।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। সূচনা বক্তব্য দিয়েছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা কাওসার চৌধুরী। একই আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবিরকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রান্তিকতার রূপকার শিরোনামের প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে। শিল্পী শহিদ কবিরের শৈল্পিক ভাবনা,  দেশের শিল্পাঙ্গনের প্রতি তার দায়বদ্ধতা এবং কাজের সামগ্রিকতা। রাশেদ চৌধুরীর পরিচালনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটির প্রযোজক বেঙ্গল ফাউন্ডেশন।