জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন একজন নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সবসময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি নির্ভয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। অন্যায়, অসত্য আর অনৈতিকতার বিরুদ্ধে কখনো কথা বলতে ভয় পাননি। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি দেশের রাজনীতির মাঠে সোচ্চার ছিলেন। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জিয়াউদ্দিন বাবলু সবসময় জাপাকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তিনি ছিলেন এরশাদের বিশ্বস্ত ও নির্ভীক সৈনিক। কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, রাজনীতির মাঠে জিয়াউদ্দিন বাবলু ছিলেন আপসহীন। জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতির মাঠে উজ্জ্বল ছিলেন তিনি। কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করব। কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, জিয়াউদ্দিন বাবলু শুধু দেশে সয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার অনবদ্য নেতৃত্ব প্রকাশ পেয়েছিল ছাত্র জীবনেই।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, মীর আবদুস সবুর আসুদ, এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।
