ধর্ষণ ও ফরেন বডির আলামত পেয়েছে পিবিআই

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:১৬

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের সেই ছাত্রীর মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য-প্রমাণ ও গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইর বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আহসান হাবিব পলাশ বলেন, তদন্তকারী সংস্থা এ মৃত্যুর  পেছনে ‘ধর্ষণ’ ও ‘ফরেন বডি’র আলামত খুঁজে পেয়েছে।

তিনি বলেন, ঐ ছাত্রীকে ‘ধর্ষণ’ করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার শরীরের স্পর্শকাতর স্থানে ‘ফরেন বডি’ ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। শিগিগর এ মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানা গেছে।

চলতি বছরের ৭ জানুয়ারি ‘ও’ লেভেল পড়ুয়া সেই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। ঐদিন দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ একজন কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন, যার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এরপরই কলাবাগান থানা পুলিশ সেখানে গিয়ে ইফতেখার ফারদিন দিহান নামে এক তরুণকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে তার তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরও আটক করে। চাঞ্চল্যকর এ মামলায় গ্রেফতার দিহান বর্তমানে কারাগারে।

ঘটনার দিন হাসপাতালে নেওয়ার আগে মেয়েটির মাকে দিহান ফোন করে জানায়, সে আনোয়ার খান মডার্ন হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে। সেই সংবাদের ভিত্তিতে মেয়েটির মা ও বাবা হাসপাতালে ছুটে গিয়েছিলেন।

পিবিআইর বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আহসান হাবিব পলাশ বলেন, ‘মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে চার্জশিট দেওয়া যাবে। মামলার কিছু কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে কার বিরুদ্ধে কতটুকু অভিযোগ প্রমাণ হচ্ছে—সেটি এখনই বলা যাচ্ছে না। সেগুলো বিচার বিশ্লেষণ করে পরবর্তী সময়ে বলা যাবে।’