যুক্তরাজ্যে ভ্রমণে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বাংলাদেশিদের

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:২০

যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এছাড়া বাংলাদেশে টিকা গ্রহণের সনদপত্রও অনুমোদন করবে যুক্তরাজ্য সরকার। আগামী সোমবার থেকে এসব অনুমোদন কার্যকর হবে। ফলে যুক্তরাজ্য অনুমোদিত টিকা দেওয়া বাংলাদেশি নাগরিকদের দেশটিতে যাওয়ার পর আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয়ের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলও এই সিদ্ধান্ত।

আগামী সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত ভ্যাকসিন নেওয়া বাংলাদেশি নাগরিকদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন এবং প্রস্থান-পূর্ব কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না। তবে ব্রিটেনে পৌঁছানোর দুই দিন পর তাদের কোভিড-১৯ টেস্ট করাতে হবে। এছাড়া ভ্যাকসিন গ্রহণের প্রমাণ হিসেবে সব ভ্রমণকারীরই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে।

তবে যেসব ভ্রমণকারী যুক্তরাজ্যের অনুমোদিত ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করেননি তাদের অবশ্যই ১০ দিনের হোটেল কিংবা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া দ্বিতীয় এবং অষ্টম দিনে তাদের করোনা পরীক্ষা করাতে হবে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ব্রিটিশ সরকারের লাল তালিকা বাদ দেওয়া হয় বাংলাদেশের নাম।

উল্লেখ্য, যুক্তরাজ্য এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক এবং জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং ফাইজার-বায়োএনটেক এর টিকা দেওয়া হচ্ছে।