সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। এখান থেকে নৌ-রুটে পাঁচটি মাঝারি আকৃতির ফেরি চলাচল করছে। সেগুলো গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ভোর হতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী গাড়ির চাপও বাড়তে থাকে। দুপুরে শিমুলিয়াঘাটে কয়েক শ যানবাহন পারের অপেক্ষায় ছিল বলে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানিয়েছেন।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসে ভিড় করছে। এজন্য শিমুলিয়াঘাটের পরিস্থিতি এমন। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পাঁচটি মিডিয়াম ফেরি চলছে। এগুলো গাড়ির চাপ সামাল দিতে পারছে না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়েছে। গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।
