‘পুলিশ প্রহরায়’ পূজা সম্প্রীতির নজির নয় : রানা দাশগুপ্ত

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:২১

স্বাধীনতার ৫০ বছর পরও পুলিশ প্রহরায় দুর্গাপূজার আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির নয় বলে মন্তব্য করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে নগর ভবনের কে বি আব্দুচ ছাত্তার মিলনায়তনে হিন্দু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও কেন পুলিশ প্রহরায় পূজা করতে হবে? আর পুলিশ পাহারায় পূজা করে আমাদের বলতে হবে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। কেন বলতে হবে?

‘এটা তো সত্য কথা না। সাম্প্রদায়িক সম্প্রীতির যদি অনন্য নজির থাকত তাহলে তো পুলিশ প্রত্যাহার করে, স্বাধীনভাবে যদি পূজার ব্যবস্থা করা যেত। তাহলেই বোঝা যেত সম্প্রীতির লেবেলটা কোন জায়গায়।’

‘২০১৮ সালের নির্বাচনে আমরা সরকারের কাছে ৪৫ জনের একটি তালিকা দিলাম। বলেছি, তাদের আমরা ভোট দেব না। এরা কারা। দেখা গেল তার মধ্যে ৩০ জনকে নমিনেশন দেওয়া হয়নি। ১৫ জনকে নমিনেশন দেওয়া হলেও যারা অতীতে মন্ত্রী ছিলেন, পরবর্তী সময়ে আর মন্ত্রী করা হয়নি। এমনকি অনেকের বিভিন্ন জেলার রাজনৈতিক কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়েছে।’

পরিষদের উপদেষ্টা প্রীতম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দে।