আবারো জামিন নাকচ শাহরুখ খানের ছেলে আরিয়ানের

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:২৩

মাদককান্ডে জড়িত বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত। বৃহস্পতিবারের পর গতকাল শুক্রবারও মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছে আরিয়ানের জামিনের আবেদন। আরিয়ানের পাশাপাশি না-মঞ্জুর হয়েছে আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদনও।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গতকাল এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অনিল সিং। শুরু থেকেই তিনি স্পষ্ট জানান, এই আদালতে গ্রহণযোগ্য নয় আরিয়ান খানের জামিনের আর্জি। প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথান শুনানি শেষে এনসিবির বক্তব্য মেনে নেয় আদালত। স্পষ্ট করে জানিয়ে দেয়, আরিয়ান খানের জামিনের আবেদন করতে হবে বিশেষ এনডিপিএস আদালতে। সেশন কোর্টই নির্ধারণ করবে আরিয়ান জামিন পাবে কিনা। গতকাল আরিয়ান নিজের আইনজীবীর মাধ্যমে আদলতকে জানায়, আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। মাদক নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনও চেষ্টা করব না। কিন্তু তা সত্ত্বেও শুধু গ্রহণযোগ্যতা না-থাকার কারণে আরিয়ানের জামিন খারিজ হয়েছে।