ওমানে টানা তিন দিন অনুশীলনের পর প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করার সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানের দ্বিতীয় সারির দলটার বিরুদ্ধে ব্যাটিং, বোলিংয়ের অনুশীলন খারাপ হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। টি-২০ বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে দারুণ আত্মবিশ্বাস পেল টাইগাররা। ওমান ক্রিকেট একাডেমিতে গতকাল প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।
নিছক প্রস্তুতি ম্যাচ বলেই কিনা নিয়মিত টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন না একাদশে। লিটন দাসের নেতৃত্বে খেলা বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়ে। লিটন-নাঈম শেখ ওপেনিংয়ে ১০২ রানের জুটি গড়েন। লিটন ৩৩ বলে ৫৩ রান করে ফিরেন। একপ্রান্ত আগলে নাঈম শেখ ৫৩ বলে ৬৩ রান করে স্বেচ্ছা অবসরে যান।
তবে রান পাননি সৌম্য (৮), মুশফিক (০), আফিফ (৬)। শেষ দিকে নুরুল হাসান সোহানের আগুনে ব্যাটিংয়ে ২০০ পার হয় বাংলাদেশের স্কোর। একবার জীবন পেলেও ১৫ বলে সাতটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন সোহান। শামীম অপরাজিত ছিলেন ১৯ রানে। স্বাগতিকদের আমির কালিম ও শ্রীবাস্তব ২টি করে উইকেট পান।
পরে বিশাল রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৭ রান তুলেছে ওমান ‘এ’ দল। স্বাগতিকদের পক্ষে শোয়েব খান ৪৩, মেহেরান খান ১৯, আতাউল্লাহ ১৯, রাফিউল্লাহ ৩১ রান করেন। বাংলাদেশের শরীফুল ৩টি, সাইফউদ্দিন ২টি, নাসুম, মেহেদী ও আফিফ ১টি করে উইকেট পান।
