চট্টগ্রামে করোনার সর্বনিম্ন সংক্রমণ

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪:৪৮

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে সর্বনিম্ন সংক্রমণ হার রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১ জন নতুন আক্রান্ত হন। আক্রান্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। 

চট্টগ্রাম জেলার করোনা পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের আজকের (৯ অক্টোবর) রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও নগরীর সাত ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ২১ জনের মধ্যে শহরের  ১২ জন এবং পাঁচ উপজেলার উপজেলার ৯ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৮২০ জন ও গ্রামের ২৮ হাজার ১৭২ জন। উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৯ জনের মধ্যে হাটহাজারীতে ৪ জন, সীতাকুণ্ডে ২ জন এবং লোহাগাড়া, সাতকানিয়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।

৭ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩১০ জন রয়েছে। এর মধ্যে ৭২০ জন শহরের ও ৫৯০ জন গ্রামের।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান আজ (৯ অক্টোবর) শাহরিয়ার জানান, ‘করোনাভাইরাসের আজকের সর্বনিম্ন সংক্রমণ হার নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে এতে এখনই তৃপ্তির ঢেকুর তুলে সবকিছু স্বাভাবিক ভাবার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ করোনার স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চললে আমরা করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হবো। আমার অনুরোধ থাকবে, সবার সম্মিলিত প্রচেষ্টার এ অর্জনকে ধরে রাখার জন্য স্বাস্থ্য সুরক্ষার বিধি-বিধানগুলো যেন আমরা অনুসরণ করি।’

জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন বলেন, ‘চট্টগ্রামের সংক্রমণ হার জাতীয় চিত্রের তুলনায় ভালো। ভবিষ্যতে আরো ভালো পরিস্থিতির জন্য সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক পরিধান বাধ্যতামূলক রাখা, স্যানিটাইজারের ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চললে করোনা নির্মূল হবে। পাশাপাশি সবাইকে করোনার টিকার আওতায় আসতে হবে।’

ইত্তেফাক/কেকে