দুই চলচ্চিত্রের সিক্যুয়েলে শ্রদ্ধা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

g বিনোদন ডেস্ক

 

গতবছরটা খুব একটা ভালো যায়নি শ্রদ্ধা কাপুরের। কারণ তার অভিনীত যে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে সেগুলো আশানুরূপ সফলতা পায়নি। তবে চলতি বছরের দ্বিতীয় মাসে দুটি ভালো খবর জানালেন শ্রদ্ধা। খবর দুটাি এবিসিডি সিরিজের পরবর্তী চলচ্চিত্র ‘এবিসিডি ৩’ ও ‘বাঘি ৩’ নিয়ে।

এরমধ্যে রেমো ডি’সুজার নৃত্যবিষয়ক চলচ্চিত্র এবিসিডি ৩ আগামী ৮ নভেম্বর মুক্তি দেওয়া হবে। গত সোমবার ছবিটির নির্মাতা এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দ্বিতীয় কিস্তির পর সিরিজটির তৃতীয় কিস্তিতে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় আবারো ফিরে আসছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তাদের অভিনীত এ সিরিজের দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১৫ সালে। নতুন এ কিস্তিতে নোরা ফাতেহি ও অপারশক্তি খুরানা পার্শ্ব-চরিত্রে হাজির হবেন।

অন্যদিকে সাজিদ নাদিওয়ালার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বাঘি’র তৃতীয় কিস্তি আসছে। যেখানে প্রধান নায়ক হিসেবে বরাবরের মতোই দেখা মিলবে বলিউড অভিনেতা টাইগার শ্রফের। তবে বেশ কিছুদিন যাবত্ নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে বিতর্ক চলছিল। অবশেষে শেষ হয়েছে সকল বিতর্ক। মঙ্গলবার সকালে ঘোষণা এসেছে বাঘি থ্রি-তে টাইগারের বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে বাঘিতে শ্রদ্ধা অভিনয় করলেও বাঘি টু-তে দেখা মেলেনি তার। বাঘি থ্রির পরিচালনায় রয়েছেন আহমেদ খান।

বাঘি থ্রি প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আমি প্রচণ্ড উচ্ছ্বাসিত আবারো বাঘি পরিবারের সদস্য হতে পেরে। বাঘির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এটি আমার তৃতীয় ছবি সাজিদ স্যারের প্রোডাকশনের, দ্বিতীয় ছবি টাইগারের বিপরীতে ও প্রথম ছবি আহমেদ স্যারের পরিচালনায়। ছবিটি চিত্রনাট্য খুবই সুন্দর এবং আমি সত্যিই খুব উচ্ছ্বসিত ছবিটির অংশ হতে পেরে।’

এবিসিডি-৩ চলচ্চিত্রটি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এবিসিডি সিরিজের ছবিগুলো অনেক ভালো সাড়া পেয়েছিলাম। বিশেষ করে যারা গান নাচে ভরপুর কোনো সিনেমা দেখতে পছন্দ করেন তারা বেশ মুখিয়ে আছে সিরিজটি নিয়ে। তাই বেশ আগ্রহ নিয়েই এবিসিডি টিমের সঙ্গে যুক্ত হলাম।’

জানা গেছে, এ বছরই মুক্তি পাবে তার ৩টি চলচ্চিত্র সাহ, ছিচোরে ও এবিসিডি সিরিজের পরবর্তী চলচ্চিত্র এবিসিডি-৩। এছাড়া শ্রদ্ধা আরো জানান, চলচ্চিত্রগুলো গল্প নির্ভর।