কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যত্ গড়তে হবে - পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:০৪

বহুল প্রত্যাশিত ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান গত ৮ অক্টোবর শুক্রবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার-এ অনুষ্ঠিত হয়। হংকং থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত এই অলিম্পিয়াড এবারই প্রথম হংকং-এর বাইরে বাংলাদেশে আয়োজিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাস কিংবা অতীতের সাথে লড়াই করা সম্ভব না কিন্তু চাইলে নিজেই নিজের ভবিষ্যত তৈরি করা যায়। আর এই বিষয়টি তরুণদের হাতেই আছে। শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যত্ গড়তে হবে।’ তিনি আরো বলেন যে কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া, অ্যাডভেঞ্চার, ঝুঁকিগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে নিযুক্ত করতে হবে। সবশেষে তিনি এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকারী ও আয়োজকসহ সকলকে ধন্যবাদ জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  প্রতিমন্ত্রী জুনাইদ আহে্মদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২টি দল এই আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা বলেন, এ বছর করোনা পরিস্থিতির জন্য এমন একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা অনেক কঠিন ছিল। বাংলাদেশ এত সুন্দরভাবে এই কাজটা সফলতার সাথে করতে পেরেছে যা সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন ড. লরেন্স মা। পরিশেষে, উক্ত অনুষ্ঠানে গ্লোবাল ব্লকচেইন বিজনেস কাউন্সিলের নির্বাহী পরিচালক মিস. সান্দ্রা রো কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।

বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিজয়ী হওয়ার লক্ষ্যে। বিজয়ীদের জন্য সর্বমোট ৪০,০০০ মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশগ্রহণ করছে—চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে মোট ৫০টিরও বেশি দল অংশগ্রহণ করছে। ইভেন্টটিতে যোগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে। ৩ দিনব্যাপী এই অলিম্পিয়াড চলবে ১০ অক্টোবর ২০২১, রবিবার পর্যন্ত। এ বছর অন্যান্য আয়োজনের পাশাপাশি মোট ৪টি সেমিনারের আয়োজন থাকছে। সেমিনারগুলো হবে সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি এবং ফিনটেক বিষয়ে।