বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব। শিল্পকলার তিনটি হলে প্রতিদিনই নাটক প্রদর্শিত হচ্ছে। এছাড়া উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালার লবিতে চলছে পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সংগীত, আবৃত্তি, ধামাইল গান, গম্ভিরা, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। সেই ধারাবাহিকতায় আগামীকাল সন্ধ্যা ৭টায় একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কাল রাত্রি’।
লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছে তানভীর আহমেদ সিডনী এবং নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ণ করছেন শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, কাজী সোহেল, জয়, জিতু, প্রান্ত, মিরা, নাসের, সৈয়দা শামছি আরা সায়কা প্রমুখ। উল্লেখ্য, করোনার কারণে এবারের উত্সবে কোনো ভারতীয় নাট্যদল অংশগ্রহণ করতে পারেনি। তবে দেশের ১৪০টি দলের প্রায় সাড়ে ৩ হাজার শিল্পীর অংশগ্রহণ করছে। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই উত্সবটি শেষ হবে আগামী ১২ অক্টোবর।
