কটিয়াদীতে পূজা উপলক্ষ্যে ঢাকের হাট

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২৬

ব্রজগোপাল বণিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে এবারও বসেছে ঢাকঢোলের হাট। এ হাট বসেছে দুর্গাপূজা উপলক্ষ্যে কটিয়াদী উপজেলা সদরের পুরোনো বাজার প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা অফিসের সাথে। প্রতি বছরের মতো এবারও শনি ও রবিবার ঢাকের হাট শুরু হয়েছে। ঢাকঢোলের আমদানিও বেড়েছে।

জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্তরাজা নবরঙ্গ রায়ই সর্বপ্রথম তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করেন। উপজেলা সদর থেকে দুই কিলোমিটার উত্তরে চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। আজও রাজার আমলে খনন করা কোটামন দিঘিটির মনোরম দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। পূজা উপলক্ষ্যে রাজপ্রাসাদ থেকে সুদূর বিক্রমপুর (মুন্সীগঞ্জ) পরগনার বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়। ঢাকঢোল বাঁশিসহ বাদ্যযন্ত্রীদের আগমনের জন্য সে সময় নৌপথ ব্যবহার করা হতো। বাদ্যযন্ত্রীরা কটিয়াদী-মঠখোলো সড়কের পাশে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাট নামের স্থানে পূজার দুই দিন আগে এসে পৌঁছাতেন। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী মসুয়া গ্রামে বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায় চৌধুরীর বাড়িতে মহাধুমধামে পূজা শুরু হয়। সেই সঙ্গে চলে বিভিন্ন পূজার বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা। দিনদিন পূজার সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন জমিদারদের মধ্যে ঢাকের হাটের স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে যাত্রাঘাট থেকে স্থান পরিবর্তিত হয়ে পাঁচ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদের তীরবর্তী কটিয়াদী পুরোনো বাজারে প্রেসক্লাবের সামনে বিরাট ঢাকের হাট গড়ে ওঠে। বৃহওর ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক দুর্গাপূজার আয়োজক এই হাট থেকে পূজার দু-এক দিন ভাড়ায় বায়না দিয়ে বাদ্যযন্ত্রীদের নিয়ে যায়। আজও ভাটি অঞ্চল, বিক্রমপুর, কুমিল্লা থেকে বাদ্যযন্ত্রী এ হাটে আসেন। ঢাকঢোল, বিভিন্ন ধরনের বাঁশি, কাঁসিসহ শত শত বাদ্যযন্ত্রের পসরা বসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল ও ওসি এস এম শাহাদত হোসেন বলেন, ঢাকিদের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান বলেন, ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট কটিয়াদী উপজেলার ঐতিহ্য ধরে রেখেছে। উপজেলা প্রশাসন আগত বাদ্যযন্ত্রীদের প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে থাকে।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, ঐতিহ্যবাহী ঢাকের হাটের জন্য কটিয়াদী পুরাতন বাজারে স্থান নির্ধারণ করে ৮ লাখ টাকা ব্যয়ে শেড নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়ার পথে।