অবাধে বালু উত্তোলনই দায়ী
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলু খালের ওপর নির্মিত স্টিল ব্রিজ হুমকির মুখে রয়েছে। ব্রিজটির নিচ ও পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এটি ঝুঁকির মধ্যে রয়েছে। জানা গেছে, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডলু খাল। ঐ খালের ওপর পুটিবিলা-চুনতি সংযোগ সড়কে মাওলানাপাড়ায় নির্মিত হয় স্টিল ব্রিজটি। সরজমিনে গিয়ে দেখা গেছে, যানবাহন চলাচলের সময় ব্রিজটি নড়াচড়া করে। বালু ব্যবসায়ীরা ব্রিজের নিচ ও পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ব্রিজটির নিচের পিলার ভেসে উঠেছে। কিন্তু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্রিজ থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ব্রিজটি।
পুটিবিলা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, ব্রিজটি দিয়ে এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু ব্রিজের নিচে ডলু খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান। পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ জানান, দুই ইউনিয়নের এলাকাবাসীর যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এটি। এলাকার কয়েক জন বালু ব্যবসায়ীর বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজ ২০ ফুটের বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তিনি। চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি জানান, চুনতি ও পুটিবিলাবাসীর জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটির নিচে বালু উত্তোলেনের কারণে এটি এখন হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই ব্রিজটি দ্রুত সংস্কার প্রয়োজন। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর সাংবাদিকদের জানান, ডলু খালের ওপর ব্রিজ নির্মাণ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে বলে তিনি জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। ডলু খালের ওপর নির্মিত ব্রিজটির নিচে থেকে বালু উত্তোলন করা যাবে না বলে তিনি জানান।
