ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় কমেছে পেঁপের দাম। পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ কেজি ওজনের এক বস্তা পেঁপে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অর্থাত্ প্রতি কেজির দাম পাঁচ টাকারও কম। এতে খেত থেকে পেঁপে তুলে ভ্যান ভাড়া দিয়ে হাটে এনে বিক্রির পর কৃষকের লোকসান হচ্ছে। শনিবার শৈলকুপা হাটে ৪০ থেকে ৫০ কেজি ওজনের এক বস্তা পেয়ে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান কৃষ্ণনগর গ্রামের চাষি মুক্তার হোসেন। তিনি তিন বস্তা পেঁপে ৬০০ টাকায় বিক্রি করেছেন। গোকুলনগর গ্রামের হাসানুজ্জামান বলেন, এবার সাত বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। চাষে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এক বস্তা পেঁপে হাটে আনতে ভ্যান ভাড়া দিতে হয় ৪০ টাকা। এছাড়াও কামলা দিয়ে পেঁপে খেত থেকে তুলতে আরো ৫০ টাকা লাগে। বিক্রি করে পাওয়া যায় মাত্র ২০০ টাকা। তিনি বলেন, এবার পেঁপে চাষে লোকসান হবে। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজগর আলি জানান, পেঁপের দর পতনে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাভ করছে মধ্যস্বত্বভোগীরা। বাজারের ব্যাপারে তাদের করার কিছু নেই বলে জানান তিনি।
