সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মাণের দাবি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্মের জায়গায় তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপন না করে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গায় সাকোয়া ব্রিজ এলাকায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। শনিবার এ দাবিতে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশ করেছে ‘সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ পলাশবাড়ী, গাইবান্ধা’। মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তারা বলেন, সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপন করা হলে সড়কপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাড কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এছাড়া জেলার সাতটি উপজেলার কর্মজীবী মানুষজনসহ পার্শ্ববর্তী অন্যান্য জেলার মানুষও যোগাযোগ সুবিধার কারণে সহজে যাতায়াত করতে পারবেন। বক্তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জায়গায় ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বক্তব্য রাখেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবির গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম ফারুক মনা প্রমুখ।