বেনাপোল চার দিন ও বুড়িমারী স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩০

ইত্তেফাক ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দর চার দিন এবং পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকবে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

বেনাপোল (যশোর) :দুর্গপূজা উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র এক পত্রে বাংলাদেশ কাস্টমসসহ বন্দরসংশ্লিষ্ট সব সংস্থাকে জানান, ‘আমাদের সরকারি ছুটি আছে, যারা আমদানি-রপ্তানি কাজ করেন, তারা কেউ এই চার দিন কাজে যোগ দেবেন না বিধায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তারা নবমী ও বিজয়া দশমী শেষে কাজে যোগ দেবেন। আগামী ১৬ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।’ বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি পেয়েছি।’ বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, ‘ভারত থেকে একটি পত্র  পেয়েছি। তবে বন্ধের চার দিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টের যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।’

পাটগ্রাম (লালমনিরহাট) :দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ দিন বন্ধ থাকছে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীসাধারণের চলাচল অব্যাহত থাকবে। শনিবার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) মো. কেফায়েত উল্যাহ মজুমদার দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যবসায়ীদের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।