শার্শা-বেনাপোলে ২৯ মণ্ডপে পূজার প্রস্তুতি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩০

বেনাপোল (যশোর) সংবাদদাতা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা আগামীকাল ১১ অক্টোবর শুরু হবে। এবার শার্শা-বেনাপোলের ১১টি ইউনিয়নে ২৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। এসব মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবার ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পীরা তাদের নিপুণ হাতের কারুকাজ ও রংতুলির আঁচরে প্রতিমাগুলোর সৌন্দর্যবর্ধন করতে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু মণ্ডপে সব প্রস্তুতি সম্পন্নের পর চলছে মঞ্চ ও অন্যান্য ডেকোরেশনের কাজ। শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ দাস জানান, পূজা উত্সব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক হয়েছে।  শার্শা থানার ওসি বদরুল আলম জানান, পূজা চলাকালীন সময়ে মণ্ডপগুলোতে যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।