দেড় বছর পর খুলল ইবির আবাসিক হল

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩১

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো। যেসব আবাসিক শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, কেবল তাদের হলে ওঠার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল থেকে নিজ নিজ হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল, চকলেট, বিস্কিট ও মাস্ক দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। হলগুলোর গেটে তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। করানো হয় স্যানিটাইজেশন। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন।

সার্বিক বিষয়ে উপাচার্য দৈনিক ইত্তেফাককে বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকব না। একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সামনের দিকে সুচারুরূপে চালিয়ে নেওয়ার পাশাপাশি নিজে সুরক্ষিত থেকে অপরকে সুরক্ষিত রেখে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চাই।