ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩১

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলা সদরের ইলিশা এলাকায় শনিবার দুপুরে খেলা করতে করতে নিজ বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—রেহানা আক্তার (৫) ও জাহিদুল ইসলাম (৪)। রেহানা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামের আব্দুর রহমান খোকনের মেয়ে ও জাহিদুল ইসলাম একই বাড়ির মো. জসিমের ছেলে। নিহতরা চাচাতো ভাইবোন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ঐ দুই শিশু উঠানে খেলা করছিল। পরে তাদের পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। এরপর তাদের মায়েরা উঠানে দেখতে না পেয়ে খোঁজা শুরু করলে বাড়ির পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি।