করোনায় ব্রাজিলে প্রাণহানি ৬ লাখ ছাড়িয়ে গেছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩৫

রয়টার্স ও এএফপি

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রাণঘাতী করোনা ভাইরাসে ৬ লাখের বেশি মৃত্যু দেখল ব্রাজিল। দেশটি শুক্রবার এ দুঃখজনক মাইলফলক অতিক্রম করে। একই দিন লাতিন আমেরিকায়  করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্রাজিল সরকারের অব্যবস্থাপনা বিশ্ব জুড়েই তীব্র সমালোচিত হয়েছে। মহামারিকে নিয়ন্ত্রণে আনার কার্যকর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাধা স্বাস্থ্য বিশেষজ্ঞদের ক্ষুব্ধও করেছে। বোলসোনারো লকডাউনের বিপক্ষে অবস্থান নেন, করোনা ভাইরাসের অনুমোদিত টিকাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং জনসমক্ষে মাস্ক পরতে ধারাবাহিকভাবে অস্বীকৃতি জানান। সরকারি হিসাবে শুক্রবার দেশটি ৬ লাখ মৃত্যুর ঘর অতিক্রম করলেও ব্রাজিলে এখন করোনা ভাইরাসের সংক্রমণ যে কমছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুরুটা শ্লথ হলেও দেশটিতে এখন টিকাদানেও গতি এসেছে। এরই মধ্যে ব্রাজিলে টিকা পাওয়ার উপযুক্তদের ৭০ শতাংশের বেশি টিকার প্রথম ডোজ পেয়ে গেছেন; যুক্তরাষ্ট্রে এ হার ৬৫ শতাংশ। কোভিডে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু দেখা যুক্তরাষ্ট্র ৬ লাখ মৃত্যুর ঘর পেরিয়েছিল জুনে।

ব্রাজিলে করোনা ভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ধরন ডেল্টাও ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এর পরও দেশটিতে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমতে দেখা যাচ্ছে। এপ্রিলে দেশটিতে কোভিডে দৈনিক মৃত্যু ছিল ৩ হাজারের ওপরে। এখন তার তুলনায় ৮০ শতাংশ কম মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।