সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের, নিহত ২

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩৬

সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে দামেস্কের মিত্র দুই বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে সিরিয়ার বেশ কয়েক জন সেনাসদস্য। শনিবার যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক এ তথ্য জানান। খবর আরব নিউজের।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, টি-৪ বিমান ঘাঁটিতে এ হামলায় দুই জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালায় ইসরাইল। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  সিরিয়ান সংবাদ সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে টি-৪ সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে সিরিয়ার ছয় সেনা সদস্য আহত হয় এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিভিন্ন অজুহাতে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ায় ইরান এবং লেবাননের হিজবুল্লাহ বাহিনীর ওপর। মাঝে মধ্যে সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করেও বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না। তবে তারা বারবার বলেছে, সিরিয়াকে তারা কখনোই ইরানের শক্ত ঘাঁটিতে পরিণত হতে দেবে না।