নিখোঁজ বহু, উদ্ধার তত্পরতা অব্যাহত
আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবিতে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঐদিন সন্ধ্যায় ৫১টি মৃতদেহ উদ্ধার হলেও এখনো ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত পাওয়া গেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনো সঠিক তথ্য নেই। তবে নিখোঁজের সংখ্যা ধারণা করা হয়েছে নৌকার ধারণক্ষমতার ওপর ভিত্তি করে। তিনি আরো বলেন, রাতের সময় খারাপ আবহাওয়া এবং নৌকাটিতে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ম্যাগবাডো বলেন, এখনো উদ্ধার কাজ চলছে। আমরা আশা করছি ,নিখোঁজ অনেকের সন্ধান মিলবে।
গত ফেব্রুয়ারিতে মাই-নডোম্বে প্রদেশের লংগোলা ইকোটি গ্রামের কাছে যাত্রীবাহী একটি নৌকা কঙ্গো নদীদে ডুবে যায়। তখন ঐ ঘটনায় অন্তত ৬০ জন মারা যায়।
