ফেনী সরকারি কলেজে কোনো মাঠ নেই

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৪৮

ফেনী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ। দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এই কলেজের আয়তন ৯.২৫ একর। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র এক বছর পর ১৯২২ সালে ফেনী কলেজ প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ৮ আগস্ট বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, সংস্কৃত, গণিত, ইতিহাস ও যুক্তিবিদ্যা বিষয়ে ১৪৬ জন শিক্ষার্থী নিয়ে আইএ ক্লাস চালু হয়।

বর্তমানে ফেনী সরকারি কলেজে কুমিল­া শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই কলেজে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার। ১৫টি বিষয়ে অনার্স কোর্স, ১০টি বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব (প্রিলিমিনারি) ও ৭টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে। শিক্ষার এত বৃহত্ আয়োজন থাকার পরও এই কলেজে নিজস্ব কোনো মাঠ নেই। শিক্ষার্থীরা খেলাধুলাসহ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন করে। উন্নতমানের শিক্ষার জন্য প্রয়োজন উন্নতমানের শিক্ষা পরিবেশ। ফেনী জেলার নয় শুধু, চট্টগ্রাম বিভাগের বৃহত্ এই প্রতিষ্ঠানের মাঠ না থাকায় শিক্ষার্থীরা নিজের ইচ্ছামতো কোনো কার্যক্রম ক্যাম্পাসে করতে পারে না। অতএব, কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

মাজহারুল ইসলাম শামীম

শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ